করোনা পজিটিভ চোর ধরে আক্রান্ত পুলিশ

এবার করোনা পজিটিভ চোর ধরে সংক্রমিত হলেন পুলিশ। ভারতের ভদোদরার দাভোই থানার অন্তর্গত এলাকায় ঘটেছে ঘটনাটি।

জানা যায়, পান মশলা চুরির অভিযোগে এক ব্যক্তি ও তার সঙ্গীকে আটক করা হয়। পরে তাদের স্বাস্থ্য পরীক্ষায় জানা যায় ওই বৃদ্ধ করোনায় আক্রান্ত।

পুলিশ জানিয়েছে, ওই দুই ব্যক্তি টিমবি গ্রামে রেললাইনের পাশে একটি দোকান থেকে প্রায় চার হাজার ২৬৫ টাকার পানমশলা চুরি করে পালাচ্ছিলেন। এ ঘটনায় ওই দোকানের মালিক চুরির অভিযোগ দায়ের করেন দাভোই থানায়। তার ভিত্তিতেই ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

ডেপুটি পুলিশ সুপার কালপেশ সোলাঙ্কি জানান, নিয়ম অনুযায়ী ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পরীক্ষায় একজনের রিপোর্ট করোনা পজিটিভ আসে। সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিদের আটক করতে যে যে পুলিশ কনস্টেবল গিয়েছিলেন তাদেরও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

চারজনের রিপোর্ট নেগেটিভ আসলেও প্রধান পুলিশ কনস্টেবল করোনা আক্রান্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর