আইনমন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ এপ্রিল) সকালে তারা এ শোক প্রকাশ করেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হক ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার ভোরে এ তথ্য জানানো হয়।

শনিবার (১৮ এপ্রিল) বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

তিন বছরের ব্যবধানে মন্ত্রী তার ভাই, বোনের পর এবার মাকে হারালেন। ২০১৭ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের ডালাসে একটি হাসপাতালে মন্ত্রীর একমাত্র ছোট ভাই আরিফুল হক রনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেও এক মেয়ে রেখে গেছেন। মন্ত্রীর বড় বোন সায়মা ইসলাম ২০১৮ সালের ১৫ জুলাই ঢাকায় মারা যান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর