কৃষকের ছদ্মবেশ ধরে হাতেনাতে অপরাধী ধরলেন ম্যাজিস্ট্রেট

পরনে লুঙ্গি, গায়ে সাদা গেঞ্জি, মাথায় দিয়েছে পরচুল। কাঁধে আছে গামছা, পায়ে দিয়েছে ছেঁড়া স্যান্ডেল। তবে আপাতত দৃষ্টিতে তাকে একজন কৃষক মনে হলেও তিনি কিন্তু একজন সহকরী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এক অপরাধীকে ধরার জন্য তিনি এমনই ছদ্মবেশ ধারণ করেন।

ফরিদপুরের চরভদ্রাসনে সরকারী নির্দেশ অমান্য করে জেলে নৌকায় যাত্রী পারাপারের সাথে জড়িত থাকার অপরাধে এক ব্যক্তিকে দুই মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার।

আদালত সূত্রে জানা যায়, করোনার কারনে সরকারী নির্দেশে গোপালপুর-মৈনট ফেরী ঘাটের যাত্রী পারাপার বন্ধ রয়েছে। কিন্তু নির্দেশনা না মেনে জেলে নৌকায় প্রতিদিন যাত্রী পার হচ্ছে এমন অভিযোগ ওঠে। আর এর সাথে চরঝাউকান্দা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের মুকুর শিকদারের ছেলে রফিক শিকদার(৪০) জড়িত রয়েছেন এমন একাধিক অভিযোগ পাওয়া যায়।

তাকে হাতে নাতে ধরার জন্য বারবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করলেও সে ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়।

অবশেষে কৌশল বদলে কৃষকের ছদ্মবেশ ধারন করেন নির্বাহী হাকিম ইমদাদুল হক তালুকদার। শুক্রবার বিকেলে কৃষকের সাজে কাজী বাড়ী ঘাট সংলগ্ন বাদাম ক্ষেতে কাজ করতে থাকেন তিনি। এ সময় তার অন্যান্য সঙ্গীরাও বিভিন্ন ছদ্মবেশে ধরে ক্ষেতে কাজ করতে থাকেন। বিকেল ৪ টার দিকে একটি জেলে নৌকায় যাত্রী নিয়ে গোপালপুর ঘাটে না এসে কাজী বাড়ী ঘাটের কাছাকাছি এক জায়গায় যাত্রী নামায়। এ সময় রফিক ঐ নৌকা থেকে টাকা তুলতে গেলে ছদ্মবেশে থাকা নির্বাহী হাকিম হাতেনাতে তাকে আটক করেন।

পরে তাকে সরকারী নির্দেশ অমান্য করায় দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর ৩৭ ধারা লংঘনের দায়ে দুই মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত ।

এসময় ছদ্মবেশে অভিযান চলাকালে চরভদ্রাসন থানার উপ-পুলিশ পরিদর্শক জনাব অসীম কুমার বিশ্বাস সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর