আবারও না’গঞ্জ থেকে পালানোর সময় আটক দুই শতাধিক

দেশে করোনাভাইরাসের অন্যতম ঝূঁকিপূর্ণ স্থান হিসাবে পরিচিত নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে ট্রাকে করে পালিয়ে যাওয়ার সময় ২ শতাধিক নারী,পুরুষ ও শিশুকে আটক করেছে পুলিশ। এসময় তাদেরকে অবৈধভাবে বহন করার দায়ে ৫টি ট্রাককেও আটক করা হয়। আটককৃতদের সবাই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

আটককৃতরা জানায়, আয় রোজগারের পথ খোলা না থাকায় নিজেদের থাকা খাওয়ার খরচ বহনের সামর্থ্য তাদের নেই। গত ১ সপ্তাহ কোনোমতে থাকতে পারলেও এখন বাধ্য হয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ফতুল্লার পোস্ট অফিস মোড়, মুসলিমনগর, এতিমখানা মোড় ও পঞ্চবটী এলাকা থেকে তাদের আটক করে যার যার বাসায় ফেরত পাঠানো হয়।

রাতেই এর সত্যতা নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে পৃথক এলাকায় অভিযান চালিয়ে ওই সব গার্মেন্টস কর্মীকে তাদের শিশু সন্তানসহ আটক করে নিজ নিজ বাসায় ফেরত পাঠানো হয়েছে। এরা কিশোরগঞ্জ, ময়মনসিংহের হালুয়াঘাট যাওয়ার জন্য ৫টি ট্রাক ভাড়া করে রাতের আঁধারে আসবাবপত্র নিয়ে রওয়ানা দিয়ে ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর