ফরিদপুরে নারীসহ আরো দুজনের করোনা শনাক্ত, সংখ্যা বেড়ে ৪

ফরিদপুরে এক নারীসহ আরো দুজন করোনা রোগী শনাক্ত হয়েছেন।এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চারজন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টায় ঢাকা থেকে এদের পাওয়া রিপোর্টে দুজনেরই পজিটিভ এসেছে।

নতুন করে আক্রান্ত এ দু’জন হলেন- জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ডাঙ্গি গ্রামের খলিলুর রহমানের মেয়ে জেসমিন বুলু (৩২) ও বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের উমরনগর-চন্দনী গ্রামের মৃত মাহবুব রহমান চাঁন মিয়ার ছেলে শাহাবুদ্দিন (৪৭)।

বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ জানান, শাহাবুদ্দিন চট্টগ্রামে একটি জাহাজ কোম্পানিতে চাকরি করে। সরকারি ছুটি ঘোষণার পর চট্টগ্রাম থেকে ফিরে পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গিগ্রামে শ্বশুর বাড়ি অবস্থান করে সে। ধারনা করা হচ্ছে সেখানেই করোনায় আক্রান্ত হয় সে। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন আগে শ্বশুর বাড়ি থেকে নিজবাড়ি চন্দনি এলে পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১৪ এপ্রিল ফরিদপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় ফমেক কর্তৃপক্ষ। ১৭ এপ্রিল শুক্রবার রাতে ফরিদপুরের সিভিল সার্জন অফিস করেনা পজিটিভ রোগি হিসেবে তাকে শনাক্তের ঘোষণা দেয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন আছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান জানান, রাতেই শাহাবুদ্দিনের বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন আগামীকাল তার পরিবার ও প্রতিবেশী এবং তার সংস্পর্শে আসা লোকজনের নমুনা পরীক্ষা করা হবে।

অপরদিকে, জেসমিন বুলুর পিতা খলিলুর রহমানের নমুনা পরীক্ষা শেষে গত ১৩ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন ডাঙ্গি ইউনিয়নে খলিলুর রহমানসহ আরো একজনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় ওই দিন রাতেই নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়। খলিলুর রহমান নারায়ণগঞ্জ থেকে এসে করোনা আক্রান্ত হন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ফরিদপুরের ১২৪ জন সন্দেহভাজনের করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে ৮৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। যাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর