মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ মাত্র এক সপ্তাহের মধ্যে আরও ৫০ হাজার মানুষের মৃত্যু এ সংখ্যাকে দেড় লাখ পার করল। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪৩৩ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।
শনিবার (১৮ এপ্রিল) ওয়ার্ল্ডোমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্যানুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৭৫২ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭২ হাজার ১০৩ জন।
করোনাভাইরাস মহামারি নিয়ে জনস হপকিন্স ইউনিভার্সিটির শুক্রবার রাতে হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা এখন ১ লাখ ৫০ হাজার ৯৪৮।
এই সময় পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২ লাখ ৪ হাজার ৫১১ জন। আর এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৬৪ হাজার ৫২৫ জন।
এই করোনাভাইরাসের উৎস্থল চীনের উহানে মৃত্যুর সংখ্যা পর্যালোচনার আগের সংখ্যা পরিবর্তিত হওয়ায় একদিনে মৃত্যুর তালিকায় যোগ হয় ১ হাজার ২৯০ জন।
এই ভাইরাস প্রতিরোধে এখনও নেই টিকা, নেই নির্দিষ্ট কোনো ওষুধও; ফলে থমকে যাওয়া বিশ্বে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে, যা কতদূর যাবে তা এখনও অনিশ্চিত।
ইউরোপে পরিস্থিতির কিছুটা উন্নতির পর এখন যুক্তরাষ্ট্র বিপর্যস্ত নভেল করোনাভাইরাসে; এরপর আফ্রিকা এই মহামারীর নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)।
বার্তাবাজার/এমকে