করোনার কারণে পুরো বিশ্ব একরকম অচল হয়ে গিয়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, মিল-কারখানা সব জায়গাতেই বিশাল বিশাল তালা ঝুলছে। প্রাণের ভয়ে এখন সহজে কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।
পরিস্থিতি কবে আবার স্বাভাবিক হবে, তা কেউ জানে না। এরকম পরিস্থিতিতে কোনো বড় স্পোর্টস ইভেন্টের আয়োজন করার কথা মাথায় আনাটাও একরকম অপরাধ। অথচ তারপরও আইপিএলের আয়োজন করতে উঠেপড়ে লেগেছে আয়োজক কমিটি। কয়েক হাজার কোটি রূপির লোকসানের ব্যাপার বলে কথা। এত বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে কে বা চাইবে?
কিন্তু ভারতেও তো আগামী ৩রা মে পর্যন্ত লক ডাউন চলছে। তাছাড়া এরকম পরিস্থিতিতে কোনো দেশ কি তাদের খেলোয়াড়দের ছাড়তে রাজি হবে? অবশ্য ভারতের এই অসু্বিধা থেকেই নিজেদের সু্বিধা আদায় করে নিতে চাইছে শ্রীলঙ্কা।
কারণ সমুদ্রে ঘেরা দ্বীপ রাষ্ট্রটিতে এখনো করোনা তার প্রভাব ফেলতে পারেনি৷ দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৩৮ জন, মৃতের সংখ্যা মাত্র ৭ জন। তাই নিজ দেশে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে আইপিএল আয়োজন করার প্রস্তাব বিসিসিআইকে পাঠিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
কেএ/বার্তাবাজার