ত্রাণের চাল আত্মসাৎ করাটা অত্যন্ত দুঃখজনক: রওশন এরশাদ

বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ভয়াবহ আতঙ্কে দিন কাটাচ্ছেন। এমন অবস্থা দেশের মানুষ কখনো দেখেনি বলে জানিয়েছেন, জাতীয় সংসদের বিরোধীদলীয়নেতা বেগম রওশন এরশাদ।

অনেক জনপ্রতিনিধি ত্রাণের চাল আত্মসাৎ করছেন এটা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, ত্রাণ বিতরণের দায়িত্ব পুরোপুরি দেশপ্রেমিক সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেয়ার ব্যবস্থা করা গেলে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ পাবে। সরকারের উদ্দেশ্যও সফল হবে। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে রওশন এরশাদ এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, চিকিৎসকসহ করোনা নিয়ে যারা কাজ করছেন তারা বলছেন, এখনো এর কোনো প্রতিষেধক বের হয়নি। তাই সংক্রমণ এড়ানোর অন্যতম উপায় হলো নিজেকে বিচ্ছিন্ন করে রাখা। সবাই সচেতন হলে এ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। দেশবাসীকে বলবো সরকারের নির্দেশনা পুরোপুরি মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

তিনি বলেন, এই মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীরাও প্রতি মূহুর্তের খবর জানাতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর