রাজধানীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক গৃহকর্ত্রীর মৃত্যু হয়েছে। এঘটনায় ওই বাড়ি ছেড়ে পালিয়েছে ভাড়াটিয়ারা। গত বৃহস্পতিবার রাতে মীরহাজীরবাগে এ ঘটনা ঘটে।
করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রায় সারাদেশ লকডাউনের মধ্যেও ভাড়াটিয়াদের পালিয়ে যাওয়া নিয়ে আলোচনা-সমালোচনার পাশাপাশি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মীরহাজীরবাগে চৌরাস্তার কাছে ওয়াসা রোডে (পাইপ রাস্তা) আলতাফ ভবনের মালিকের স্ত্রী কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার বিকালের দিকে তার অবস্থার অবনতি হয়। পরিবারের লোকজন তাকে নিয়ে হাসপাতালে রওনা হন। কিন্তু পথেই তিনি মারা যান। তবে হাসপাতালে না গিয়ে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে ফিরিয়ে আনেন। পরবর্তীতে তড়িঘড়ি করে রাতেই লাশ দাফন করেন। এ ব্যাপারে নিহতের পরিবার মুখ খুলেনি।
এদিকে এ ঘটনা বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে জানাজানি হলে তারা আতঙ্কিত হয়ে ওই রাতেই বাসা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে তারা লকডাউনের মধ্যে কিভাবে এলাকা ছেড়েছেন সে রহস্য অজানা।
বার্তা বাজার / ডাব্লিও.এস