ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ডাবলু শেখ (৪২) নামে এক দিনমজুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে সন্ত্রাসীরা।
বর্তমানে তিনি জীবন মরণের সন্ধিক্ষণে রয়েছেন। এ ঘটনায় ৭ এপ্রিল ডাবলু শেখের বড় ভাই মো. আবুল কাশেম শেখ বাদী হয়ে প্রতিপক্ষ রাজ্জাক শেখের ছেলে আবু জাফর শেখ (৫৫) ও শাহাবুদ্দিন শেখ (৫০) সহ ৯ জনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা করেছেন। মামলা নং ০৭/৬৮।
জানা যায়, গত ৫ এপ্রিল সন্ধ্যায় ডাবলু শেখ বাড়ি থেকে বাইখীর চৌরাস্তা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আগে থেকেই ওঁৎপেতে থাকা আবু জাফর শেখ, শান্ত, আলী শেখ, হাসিবুল ইসলাম, মাসুদ শেখ, আবু সাঈদ শেখ ধারালো অস্ত্র রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সন্ত্রাসী হামলা চালায়।
অতর্কিত হামলায় ডাবলু মাটিতে পড়ে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা মাথা লক্ষ্য করে উপর্যুপরি কোপাতে থাকে। মারাত্মক আঘাতে তিনি অচেতন হয়ে পড়লে আসামিরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়।
এ সময় প্রতিবেশিরা মারাত্মক জখম অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে তার অবস্থার অবনতি হলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে প্রেরণ করেন। তিন দিন আইসিইউতে থাকার পরে অবস্থার কিছুটা উন্নতি হলে ১৫ এপ্রিল তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি মাথায় ৭২টি সেলাই নিয়ে প্রায় অচেতন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
তাকে বাড়িতে আনা হলে ফের হত্যার হুমকি দিচ্ছে প্রতিপক্ষ। এদিকে ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও এখনও কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী গ্রুপের একাধিক ব্যক্তি মাদকাসক্ত এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অসামাজিক কার্যাকলাপের সাথে জড়িত। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা।
আহত ডাবলু শেখের বড় ভাই মো. আবুল কাশেম শেখ বলেন, সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে প্রতিপক্ষের লোকজন আমি সহ আমার পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া মিথ্যা মামলা দিয়েও নানাভাবে হয়রানি করছে তারা। আতঙ্কের মধ্যে দিনযাপন করছি আমরা।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. মোজাফফর হোসেন জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।
কেএ/বার্তাবাজার