রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক, নার্সসহ ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জের এক রোগীর তথ্য গোপন করার কারণেই তারা সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
আক্রান্তদের মধ্যে আছেন, হাসপাতালে কর্মরত সার্জারি ও গাইনি বিভাগের পাঁচজন চিকিৎসক, চারজন নার্স ও তিনজন স্বাস্থ্যকর্মী।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত শনিবার নারায়ণগঞ্জের এক রোগীর অস্ত্রপাচারের সময় যারা উপস্থিত ছিলেন তারা সবাই আক্রান্ত হয়েছেন। তবে ওই নারীর স্বজনরা ঠিকানা গোপন করে মাদারীপুর থেকে এসেছেন বলে চিকিৎসকদের জানিয়েছিলেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মো. রশিদ উন নবী জানান, গত শনিবার সার্জারি বিভাগে ভর্তি হওয়া একজন রোগীর অস্ত্রোপচার হয়, সেই অস্ত্রোপচারের সঙ্গে যারা যুক্ত ছিলেন, তারা সবাই আক্রান্ত হয়েছেন।
আক্রান্ত এক চিকিৎসক বলেন, গত শনিবার সার্জারি বিভাগে একজন রোগী আসেন, তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেদিনই অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ওই সময় রোগীর স্বজনরা জানান, তারা মাদারীপুর থেকে এসেছেন। কিন্তু অস্ত্রোপচার শেষে জ্ঞান ফেরার পর রোগীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পরে চিকিৎসকরা কোভিড-১৯ টেস্ট করার সিদ্ধান্ত নেন।’
পরের দিন জানা যায়, রোগীর করোনা ভাইরাস পজিটিভ। তখনই ইমার্জেন্সি ওটি এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ড লকডাউন করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস