ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০, আ’লীগ নেতাসহ আটক ৭

এই করোনা পরিস্থিতির মধ্যেও ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জেলা পরিষদ সদস্য ও সাবেক শেখর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ দুই পক্ষের ৭ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরোধিতায় অবতীর্ণ হলে শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রইসুল ইসলাম পলাশ আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ নিয়ে নির্বাচন করেন।

নির্বাচনের পর থেকে আবুল কালাম আজাদ ও পলাশ গ্রুপের মধ্যে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এরই জের ধরে ঘটনার দিন মো. আবুল কালামের সমর্থক শাহজাহানসহ কয়েকজন শেখর চরের মাঠে পাটক্ষেতে কাজ করা অবস্থায় পূর্ব শত্রুতার জের ধরে রইসুল ইসলাম পলাশের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষই দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের ঘটনায় আহত দুর্গাপুর গ্রামের আহমেদ শেখ (৫২), সেলিম শেখ (৪৫) ও শাহজাহান মিয়াকে (৫৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ওই গ্রামের ইলিয়াস শিকদার (৩৮), জামাল শেখ (৩৭), রফিক শেখকে (৩৮) ও ফরহাদ শেখকে (৪৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ পলাশ গ্রুপের রব্বানী (৩৩), কামরুল খান (৩৮), মামুন শেখ (৩০), সোহরাব শেখ (৫৫) ও আবুল কালাম আজাদ গ্রুপের মহত্তাব শেখ (২৫), শহিদুল শেখকে (৩০) আটক করে থানায় নিয়ে আসে। পরে আবুল কালাম আজাদকে পৌর সদরের বাসা থেকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কোন পক্ষ দুপুর পর্যন্ত অভিযোগ দেয়নি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর