থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী দেশে ফিরেছেন। ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেন। এই ফ্লাইটে এক বাংলাদেশির মরদেহও আসে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেসরকারি এ বিমান সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়ে ফ্লাইটটি ঢাকায় আসার অনুমতি পায় বলে জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স ও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফ্লাইটের সবাই স্বাস্থ্য সনদ নিয়ে দেশে এসেছেন। থাইল্যান্ডে তাদের কারও শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। তবুও তাদের স্ক্রিনিং করা হবে। এরপর তাদের প্রয়োজন অনুযায়ী হজ ক্যাম্পে প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আগামী ২০ থেকে ২৫ এপ্রিল চেন্নাই-ঢাকা রুটে ৬টি এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস