শরীয়তপুরের নড়িয়া উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ব্যাংকের পিয়নের (১৮) মৃত্যু হয়েছে। মাহমুদ হাসান পাবেল(২০) মিউচ্যাল ট্রাষ্ট ব্যাংক ঢাকা গুলশান শাখায় পিয়নের চাকুরি করতেন।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার চামটা ইউনিয়নের চামটা এলাকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত্যুর পর সকাল ১০টার দিকে করোনা পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি তার বাড়ি ও আশপাশের ৩০টি বাড়ির ১৫০ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বাদ জুমা তার দাফন সম্পন্ন হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, দুই-তিন দিন ধরে ওই ব্যক্তির জ্বর। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট দেখা দেয় । শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য তা আইইডিসিআরে পাঠানো হবে। তিনি আরও জানান, ওই ব্যক্তি ও তার বাবা গত ২৫ মার্চ ঢাকা থেকে শরীয়তপুরে আসেন। পরে তাদের ১৪ দিন কোয়ারেন্টিনে রাখে উপজেলা প্রশাসন। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয় ৭ এপ্রিল।
বার্তা বাজার/এম.সি