চলতি ব্যুরো মৌসুমের ধান কাটা শুরু হয়ে গিয়েছে। ফসল ভাল হওয়ায় কৃষকের মুখেও হাসি। আর সেই আনন্দকে ভাগ করে নিতে কাস্তে হাতে আবারও ধান কাটতে মাঠে নামলেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তার নির্বাচনী এলাকার সাধারণ কৃষকদের সাথে ধান কাটার আনন্দে অংশ নিতে ও শ্রমিক সংকটের দুশ্চিন্তা দূর করতে নিজেই মাঠে নেমে ধান কাটেন তিনি।
জানা যায়, চলমান করোনা পরিস্থিতিতে সারা দেশে লকডাউন চলায় পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। যাতায়াতের উপায় না থাকায় অন্য এলাকা থেকেও কোনো শ্রমিক আসতে পারছে না। যার কারনে পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় সময় কাটাচ্ছেন কৃষকরা। এমন সংকটময় মুহুর্তে আগামী দিনের খাদ্য চাহিদা পূরণে যাতে কৃষকরা নির্বিঘ্নে ধান কাটতে পারে তার জন্য ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সাংসদ এস এম জগলুল হায়দার জানান, তার নির্বাচনী এলাকা সাতক্ষীরা-৪ এর কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার কৃষকরা যেন নিশ্চিন্তে ধান কাটতে পারে তার জন্য তিনি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন। শ্রমিকদের পরিচয়পত্র প্রদানের মাধ্যমে বিশেষ যাতায়াতের ব্যবস্থা করার কাজ চলছে। একইসাথে ধান মাড়াই করে দেয়ারও ব্যবস্থা করা হবে।
সাংসদ এস এম জগলুল হায়দারের এমন কৃষকবান্ধব আচরণে এলাকার প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সকল ধরণের কৃষকরা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছেন। সাধারণ মানুষজনও তার জন্য প্রাণ ভরে দোয়া করছেন বলে জানা গেছে।
বার্তাবাজার/এসজে