ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও দুজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ জনে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১১টায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেন।
আক্রান্ত ওই দুই ব্যক্তি উপজেলার চুড়াইন ইউনিয়নের বাসিন্দা। তাদের বয়স ৩৮ ও ৫৮ বছর। একজন গত ১০ এপ্রিল ঢাকা থেকে অপরজন গাজীপুর থেকে নিজ গ্রামে ফিরেছিলেন বলে জানান এ চিকিৎসক।
ডা. অনুপ জানান, তারা দুজন নিজ গ্রামে ফেরার পর তাদের শরীরে করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গ দেখা দেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তাদের বাড়িতে গিয়ে শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। রাত ১০টার দিকে ফলাফলে তারা সংক্রমিত বলে নিশ্চিত হয়েছি। আক্রান্তদের আপাতত তাদের নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের স্বজনদেরসহ আশপাশের পরিবারগুলোকে হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।
তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। এছাড়া আক্রান্তদের এলাকা বা চুড়াইন ইউনিয়নটি সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনই সিদ্ধান্ত নেবে বলে জানান ডা. অনুপ।
বার্তাবাজার/এমকে