ইতালিতে মরণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মির্জা শাহজাহান (২৩) নামে এক বাংলাদেশি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহজাহানের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় আনুমানিক ভোর ৪টার দিকে তিনি মারা যান।
নাম প্রকাশে অনিচ্ছুক তার এক রুমমেট বলেন, গত ২২ ফ্রেব্রুয়ারি থেকে তার খুব কাশি শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন তিনি। পরে মার্চ মাসের শেষ সপ্তাহে আবারও মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ক্রেমনার একটি হাসপাতালে বৃহস্পতিবার তিনি মারা যান।
ওই রুমমেট আরও বলেন, তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়ে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে রিলিজ পেয়ে এখন হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মির্জা শাহজাহানের গ্রামের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানায়।
এ ব্যাপারে মিলানের বাংলাদেশ কনস্যুলেট অফিসের এক কর্মকর্তার বলেন, মির্জা শাহজাহান কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা এখনও জানা যায়নি। তবে কিছু মাধ্যমে জানতে পারি তার অনেক শ্বাসকষ্ট ছিল।
বার্তাবাজার/এমকে