‘ডাক্তার ও নার্সদের সঙ্গে বিরূপ আচরণ করলে আইনগত ব্যবস্থা’: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছেন, করোনার সংক্রমণরোধে সম্মুখ যোদ্ধার ভূমিকায় থাকা ডাক্তার-নার্সদের সঙ্গে বিরূপ আচরণের অভিযোগ পাওয়া গেলে ওই বাড়ির মালিক ও সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার(১৬ এপ্রিল) ডিএমপি কমিশনারের নির্দেশে এরই মধ্যে থানা পুলিশ এ বিষয়ে খোঁজ নিতে শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, এক্ষেত্রে ডিএমপি ফ্ল্যাট মালিক, বাসিন্দাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

জাতির এই সংকটময় সময়ে করোনা ভাইরাস রোগের চিকিৎসায় হাসপাতালের ডাক্তার, নার্স, ওয়ার্ডবয় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। পাশাপাশি করোনার বিস্তার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিদের নিজ নিজ বাসা, ফ্ল্যাটে রেখে চিকিৎসা ব্যবস্থার পরামর্শ দিচ্ছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা এতে বাধা দিচ্ছেন।

এমনকি করোনা রোগীদের চিকিৎসা কাজে নিয়োজিত ডাক্তার ও নার্সদের সঙ্গে বাড়ির মালিকদের বিরূপ আচরণের খবর পাওয়া যাচ্ছে। দেশের এই ক্রান্তিলগ্নে যা কোনোভাবেই কাম্য হতে পারে না।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর