সিরাজগঞ্জ ১০ টাকা মূল্যের ১৫ বস্তা চালসহ আল-আমিন নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গাড়াদহ গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
আটক আল-আমিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও ইউপি সদস্য আল-আমিন মিলে কালোবাজারে বিক্রি করার উদ্দেশে ১৫ বস্তা চাল নিয়ে যাচ্ছিলেন। এ সময় এলাকাবাসী ইউপি সদস্যকে আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চালসহ ইউপি সদস্যকে আটক করে।
বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করে বলেন, চাল চুরির ঘটনার সঙ্গে আমি জড়িত নই।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরকার অসীম কুমার সরকার জানান, ঘটনাটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস