করোনা: কমে এসেছে মৃত্যু-আক্রান্তের সংখ্যা, লকডাউন উঠছে যুক্তরাষ্ট্রে

আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন কয়েকশো মৃত্যু হচ্ছে, আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। তার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, মৃত্যুর সর্বোচ্চ শিখর পার করে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিছু দিনের মধ্যেই এলাকাভিত্তিক লকডাউন তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

একই সঙ্গে ভাইরাস ছড়ানোর জন্য চীনকে ফের কাঠগড়ায় তুলে ট্রাম্পের তোপ, উহানের ল্যাবে তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়েছিল করোনাভাইরাস।

কোভিড-১৯ নিয়ে রুটিন সাংবাদিক বৈঠকে মার্কিন স্থানীয় সময় বুধবার ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এটা বোঝা যাচ্ছে যে, আমরা সংক্রমণের শিখর পেরিয়ে এসেছি। আশা করা যায়, সেটা ধরে রাখা যাবে এবং ধীরে ধীরে উন্নতি করব।’’ মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘আমরা হব প্রত্যাবর্তনকারী শিশু, আমরা সবাই। আমরা আমাদের দেশকে ফেরত পেতে চাই।’’

উল্লেখযোগ্য ভাবে এ দিন ফের চীনকে নিশানা করেছেন ট্রাম্প। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেজিংয়ের সরকারি পরিসংখ্যানে অনেক কম করে দেখানোর অভিযোগ উঠেছে। সেই দিকে ইঙ্গিত করে চীনের নাম করেই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘কোনও কোনও দেশের এই সংখ্যা কি সত্যি বিশ্বাসযোগ্য?’’ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা অসমর্থিত সূত্রে অভিযোগ তোলা হয়েছে, ল্যাবে তৈরি করে এই ভাইরাস ছড়িয়ে দিয়েছে দিয়েছে চীন। ট্রাম্পও সেই দিকে ইঙ্গিত করে বলেছেন, উহানের ল্যাবরেটরিতে ভাইরাস তৈরির যে অসমর্থিত রিপোর্ট পাওয়া যাচ্ছে, সেই বিষয়টি খতিয়ে দেখছে আমেরিকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর