ঢাকার সাভারে বেতন-ভাতার দাবীতে শ্রমিকেরা বিক্ষোভ অব্যহত রেখেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) এর ‘এ ওয়ান’ নামের কারখানার শ্রমিকদের আজ (বৃহস্পতিবার) বেতন দেবার কথা থাকলেও কর্মস্থলে উপস্থিত হয়ে কর্তৃপক্ষকে না পেয়ে তারা বেলা দুইটা পর্যন্ত কারখানায় অবস্থান নেয়। এরপর ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করে।
তবে বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, গত তিন মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। তাই বর্তমানে তারা এক প্রকার মানবেতর জীবনযাপন করছে। এজন্য বাধ্য হয়েই তারা রাস্তায় নেমেছেন।
এব্যাপারে ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান বলেন, কাজ না থাকায় কারখানাটি বেশ কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এরপরও কর্তৃপক্ষ গত ডিসেম্বর মাস পর্যন্ত শ্রমিকদের বেতন পরিশোধ করেছে।
গত জানুয়ারি মাস থেকে তাঁদের বেতন বকেয়া পড়েছে। বেতনসহ তাঁদের সব পাওনা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না। এরপরও মালিকপক্ষ ব্যাংক ঋণ নেওয়ার চেষ্টা করছে। ঋণ পেলেই বেতনসহ শ্রমিকদের সব পাওনা পরিশোধ করা হবে।
এছাড়াও, আশুলিয়ার জিরানি, কুটুরিয়া, জিরাবো, আশুলিয়া বাজার ও জামগড়া এলাকার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বেতন না পেয়ে দিনভর বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছে।
এব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানান, বকেয়া বেতন-ভাতার জন্য বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানায় এসে কারখানা বন্ধ পেয়ে এই বিক্ষোভ প্রদর্শন করে।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে বুঝিয়ে নিবৃত করার চেষ্টা করেছে। পাশাপাশি কারখানা মালিকদের সাথে এ বিষয়ে আলাপ করে সমাধানের চেষ্টা করা হয়।
কেএ/বার্তাবাজার