ফরিদপুরের নগরকান্দায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যুর হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের হায়দার শিকদারের স্ত্রী হাসি বেগম (৩৮) মারা যান। সে কয়েকদিন যাবৎ সর্দি, কাশি, জ্বর ও ডায়েরিয়ায় ভুগছিলেন। এছাড়াও তার স্বামী হায়দার শিকদার (৫০) ও ছেলে আবুল বাশার মিয়া (২০) অসুস্থ রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেশী সেলিম ফকির বলেন, ওই নারীর ছেলে আবুল বাশার পেশায় একজন ভ্যান চালক৷ ধারনা করা হচ্ছে ছেলেই বাহির থেকে করোনা ভাইরাস বহন করে বাড়ীতে এনেছে।
চরযশোরদী ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান পথিক জানান, প্রতিবেশী ও বাড়ির লোকেরা ওই মৃত নারীকে গোসল ও দাফনে অনিহা জানালে ইসলামী ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত হয়ে তার গোসল ও জানাযা পড়ান। এরপর বিকেলে তাকে কবরে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে মেডিকেল টিম পাঠিয়ে হাসি বেগম, তার স্বামী হায়দার শিকদার ও পুত্র আবুল বাশারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যেতি প্রু বলেন, এ ঘটনার পর ওই বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মৃত ওই নারীর দাফন ও কাফনের জন্য ইসলামী ফাউন্ডেশন হতে একটি দল ওই বাড়িতে যায়।
কেএ/বার্তাবাজার