কুড়িগ্রামের উলিপুরে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ ত্রাণের দাবিতে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে ও রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত নারী-পুরুষ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের মানুষজন উলিপুর-রাজারহাট সড়ক অবরোধ করে এ দাবী জানান। পরে সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আগামীতে সঠিক তালিকা অনুযায়ী ত্রাণ দেয়ার প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উলিপুর-রাজারহাট সড়কের সরফদি গ্রামের কয়েক’শ নারী-পুরুষ বৃহস্পতিবার সকালে জড়ো হয়ে ত্রানের দাবিতে স্লোগান দেন। এসময় কোনো যানবাহন এলে তা আটকে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা। অবরোধ ও বিক্ষোভে অংশগ্রহনকারী মোস্তাফিজার জানান, পরপর তিন দফায় সরকারি ভাবে ত্রান বিতরণ করা হলেও, তাদের অনেকেই এই সহায়তা পাননি।
আবু মিয়া জানান, আমরা খেয়ে না খেয়ে দিন পারি দিলেও জনপ্রতিনিধিরা কেউ খোঁজ নিচ্ছেন না।বিক্ষোভকারীদের অভিযোগ, চেয়ারম্যান-মেম্বাররা স্বজনপ্রীতি করে তাদের নিজস্ব লোকদের রিলিফ দেন।
এলাকার ইউপি সদস্য আব্দুর রহিম রাজু এ ব্যাপারে মোবাইল ফোনে বলেন, ওই ওয়ার্ডের তিন গ্রামের প্রায় ১৮শত ভোটারের মধ্যে তিন দফায় প্রায় ১শত জনকে ত্রাণ দেয়া সম্ভব হয়েছে। ওই এলাকার মানুষজনের জাতীয় পরিচয়পত্র নেয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে সবাই ত্রাণ পাবেন।
দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সি বলেন, এ এলাকায় কেউ অনাহারি মানুষ নাই। সমস্যা থাকতে পারে। সরকারি ঘোষনা ছিল, বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।
এ কারনে, সবাই ত্রাণ চায়। অথচ যারা রাস্তায় নেমেছেন, তাদের কারো বয়স্কভাতার কার্ড আছে, প্রতিবন্ধী, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তার কার্ড আছে। তিনি অভিযোগ করেন ওই ওয়ার্ডের সরফদি কানি পাড়ায় সম্প্রতি আবু নামের একজন ঢাকা থেকে এসে মানুষজনকে উস্কানি দিয়েছে বলে শুনেছি।
এই ইউনিয়নে ৩৯ হাজার মানুষ বসবাস করেন। ৩ দফায় সরকারি ভাবে মাত্র ১০ মেঃটন চাল ও ১ মেঃটন আলু বরাদ্দ পেয়েছি, তা ১ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। যা চাহিদার তুলনায় অপ্রতুল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের বলেন, প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারীরা। আগামি বরাদ্দে প্রকৃত লোকজনের নাম তালিকায় থাকবে এই আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে নেন।
কেএ/বার্তাবাজার