করোনার কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারিতেও বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নির্বিঘ্নে সারা দেশে সরবরাহ করা হচ্ছে। আর দেশে যে কোনো পরিস্থিতিতেই গ্রাহকদের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানিসেবা নির্বিঘ্নে সরবরাহ অব্যাহত রাখা হবে বলেও জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার(১৬ এপ্রিল) রাজধানীর বারিধারার নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, রমজান ও গ্রীষ্মকালে কোথাও যেন কোনো ঘাটতি না হয়। ডিজেল, এইচএফও, গ্যাস বা এলপিজি ব্যবহার সমন্বিতভাবে করতে হবে। প্রয়োজনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা বা এলপিজি বিপণন ও উৎপাদন সংস্থার সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ দেন প্রতিমন্ত্রী।
পাশাপাশি বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং কোম্পানিগুলোর ওপর বৈশ্বিক এই মহামারীর প্রভাব বা করণীয় নিয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান নসরুল হামিদ।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এসব তথ্য জানান।
বার্তাবাজার/কে.জে.পি