করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সারা দেশ কার্যত স্থবির হয়ে আছে। ফলে এদেশের বিশাল এক জনগোষ্ঠী যারা দৈনিক রোজগারের উপর ভিত্তি করেই তাদের পরিবার-পরিজনকে নিয়ে বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত ছিলো, এই মুহুর্তে তারা কিভাবে দু’বেলা নিজেদের আহার জোটাবে সেই চিন্তায় দিশেহারা।
এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যতটুকু সম্ভব ত্রাণ বিতরণ করছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং ব্যক্তিবিশেষ এসব অসহায়দের পাশে এসে দাঁড়াচ্ছেন। ইসমাইল সিরাজিও এই মানবিক কাজে সম্পৃক্ত রয়েছে।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ইসমাইল সিরাজি নানা সচেতনতামূলক কার্যক্রম এবং অসহায় ও দুঃস্থদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার (১২ এপ্রিল) থেকে তাড়াইল উপজেলার প্রতিটা ইউনিয়নের প্রায় ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী ইসমাইল সিরাজি। এসময় তাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ছাত্রলীগ নেতা জুবায়ের।
রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে তারা এসব খাদ্য সামগ্রী অসহায় পরিবারগুলোর দরজায় রেখে এসেছেন। খাদ্য সামগ্রীর ভিতরে ছিলো- ৫কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল।
গণমাধ্যমকে এব্যাপারে ইসমাইল সিরাজি বলেন, আমার বসবাসের এলাকায় অনেক মধ্যবিত্ত এবং দরিদ্র ব্যক্তি আছেন যারা লজ্জার কারণে ত্রাণ সামগ্রী নিতে আসতে পারেন না। তাই নিজের বিবেক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমার এলাকার আশেপাশে যারা আছেন এবং ত্রাণ নিতে আসতে পারছেন না, এমন কিছু পরিবারকে তাদের ঘরে ঘরে গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিয়েছি।
এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার জন্য এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হবারও অনুরোধ করেন।
বার্তা বাজার/এস.আর