করোনার সংক্রমন থেকে রক্ষা পেতে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস, শপিংমলসহ সবকিছু। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে একেবারে বাহির হওয়া নিষেধ রয়েছে।
তবে এমন নাজুক পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়েই বসে নেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। যারা বিশেষ প্রয়োজনে বাইরে বের হচ্ছে বা অতি জরুরি প্রয়োজনে কেউ এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে, এমন মানুষদের সচেতন করতে কাজ করে যাচ্ছে আনসার-ভিডিপির সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে এ চিত্রই দেখা যায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের ধলাইচর চৌরাস্তা বাজারে। করোনা সচেতনতায় আনসার-ভিডিপির একদল সদস্য বিতরণ করছে লিফলেট, যারা মাস্ক ব্যবহার করছে না তাদের বুঝিয়ে সচেতন করছেন, সবাইকে বেশি বেশি করে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন। অযথা বাইরে ঘোরাঘুরি করতে নিষেধ করছেন।
আলফাডাঙ্গা আনসার-ভিডিপির ইউনিয়ন দলনেতা মো. লাল মিয়ার নেতৃত্বে এসময় সচেতনতা কার্যক্রমে আরো অংশ নিতে দেখা যায়, ইউনিয়ন কমান্ডার বাদশা মিয়া, ইউনিয়ন দলনেত্রী শংকর রাণী ঠাকুর, সহকারী ইউনিয়ন কমান্ডার আলী আফজাল, ওয়ার্ড দলনেত্রী সোনিয়া পারভীনসহ আরো কয়েকজনকে।
জানা যায়, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই ফরিদপুরের আলফাডাঙ্গায় আনসার- ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত ২৬ জন্য সদস্য করোনা সচেতনতায় অবিরাম কাজ করছে।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দলে দলে ভাগ হয়ে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ডের স্থানীয় দলনেতা ও দলনেত্রী এবং ইউনিয়ন আনসার কমান্ডার ব্যাপক গণসচেতনতামূলক মাইকিং ও বিদেশ থেকে আসা প্রবাসীদের বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ এবং আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার জন্য আনসার ও ভিডিপির সদস্যরা কাজ করছেন।

এ বিষয়ে আনসার-ভিডিপির ইউনিয়ন দলনেতা মো. লাল মিয়া বার্তা বাজারকে জানান, ‘উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য করতে আমরা আনসার ও ভিডিপির কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক কাজ করছি।
কেএ/বার্তাবাজার