ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স ২৫ থেকে ৫৫ বছর। এদের মধ্যে শুভাঢ্যা ইউনিয়নের ২ জন, আগানগর ইউনিয়নের ১ জন ও কালিন্দি ইউনিয়নের ১ জন বাসিন্দা।
আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় এগারো জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে, সেখান থেকে চার জনের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এই পর্যন্ত প্রায় ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া ১৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এসময় তিনি আরও জানান, নতুন করে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মোবারক হোসেন আরও জানান, কেরাণীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, কালিন্দী ও শাক্তা ঘনবসতিপূর্ণ ইউনিয়ন হওয়ায় সেখানে করোনায় সংক্রমিত লোকের সংখ্যাও বেশী। তিনি আরও জানান, কেরাণীগঞ্জের মানুষ সামাজিক দুরুত্ব মানছেন না।
এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে বলেন এবং সবাইকে সামাজিক দূরত্বমেনে বাসায় থাকার পরামর্শ দেন তিনি।
এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।
এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩১ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।
কেএ/বার্তাবাজার