পঞ্চগড়ে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
পঞ্চগড়ে গম সংগ্রহ ২০১৯-২০ এর আওতায় লটারীর মাধ্যমে নির্বাচিত প্রকৃত কৃষকের নিকট হতে গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলার বিএডিসি গোডাউন চত্বরে এ গম সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এ সময় গম সংগ্রহ কার্যক্রমে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা খাদ্য নিয়ন্ত্রণ মোহাম্মদ বাবুল হোসেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন প্রমুখ।
জেলায় ৪ হাজার ৪৪ জন কৃষকের কাছ হতে প্রতি কেজি গম ২৮ টাকা দরে মোট ৪০৪৪ মেট্রিক টন গম কেনা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ১ টন গম কেনা হবে।
এবারের গমের মৌসুমে জেলায় মোট ৪০৪৪ মেঃ টন গম কেনা হবে। এর মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় ১০৯৪ মেঃ টন, বোদা উপজেলায় ৭৯৭ মেঃ টন, দেবীগঞ্জ উপজেলায় ৩৩০ মেঃ টন, আটোয়ারী উপজেলায় ৭২৯ মেঃ টন ও তেঁতুলিয়া উপজেলায় ১০৯৪ মেঃ টন।
কেএ/বার্তাবাজার