ধামরাইয়ে ২ জন করোনা পজিটিভ শনাক্ত

ঢাকার সাভারের পরে এবার ধামরাই উপজেলায় দুইজন করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদ্বয়ের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।

আক্রান্ত দু’জনের একজন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগপ্রাপ্ত সাধারণ শাখার অফিস সহকারী মোঃ শামীম হোসেন। তিনি আক্রান্ত হয়েছেন এবং তার বাড়ি উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর গ্রামের পালপাড়ায়। আক্রান্ত অপরজন ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকেট কাউন্টারে কর্মরত মোসাঃ আয়শা আক্তার (ময়না)।

জানা যায়, গত কয়েকদিন আগে শামীম নিজ গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা সহ একটি টিম গিয়ে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেন। এছাড়া করোনা উপসর্গ থাকায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ টিকেট কাউন্টারে কর্মরত মোসাঃ আয়শা আক্তার (ময়না) এর নমুনা সংগ্রহ করা হয়। পরে গতকাল (বুধবার) ওই দু’জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরে তাদের দুইজনের রিপোর্ট পজেটিভ আসে।

ছবি: বার্তা বাজার

এব্যাপারে মুঠোফোনে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন যাদের ভিতরে একজন এখানে সেবা নিতে আসা এক রোগী এবং অপরজন আমাদের একজন স্টাফ। আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করেছি। যারা করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে আসার সম্ভাবনা আছে, তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেরও অনেক কর্মকর্তা আইসোলেশনে যাচ্ছেন।

এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ ২৪ ঘন্টা খোলা রয়েছে বলেও জানান তিনি।

ছবি: বার্তা বাজার

এদিকে, মুঠোফোনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল হক ব্জানান, দুইজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এবং একারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আক্রান্ত ইউনিয়নের হাজীপুর গ্রামটি লকডাউন করার জন্য সব ধরণের প্রস্তুতি নিয়ে ওই গ্রামে গিয়েছে। তাছাড়া করোনা আক্রান্ত ওই রোগীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আনার জন্য চিকিৎসকদের একটি টিমও পাঠানো হয়েছে।

উপজেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করেছেন এবং ধামরাইবাসীকে আতংকিত না হবার আহ্বান জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর