মরণঘাতী করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৪ জনে। আক্রান্তের সংখ্যা ১২,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়া সুস্থও হয়ে উঠেছেন ১৪৮৮ জন। আইসোলেশনে আছেন ১০,৪৭৭ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এই সময়।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক রিপোর্টে জানানো হয়, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৩৮০। বুধবার কেন্দ্রের প্রকাশিত হটস্পটের তালিকায় রয়েছে ১৭০টি জেলা।
এর মধ্যে ৬টি মেট্রো শহর ও বেশিরভাগ বড় শহরই রয়েছে। হটস্পটের তালিকায় রয়েছে, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুর ৯ জেলা, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রা।
করোনা সংক্রমণের নিরিখে এখনও শীর্ষেই আছে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা দু হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৮৭ জনের। উদ্বেগজনক পরিস্থিতি রাজস্থান (১০২৩), মধ্যপ্রদেশ (৯৮৭), তামিলনাড়ুতে (১২৪২)। বাদ নেই উত্তরপ্রদেশ (৭৩৫), তেলঙ্গানাও (৬৪৭)।
বার্তাবাজার/এমকে