বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়াসুসের।
বুধবার (১৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ডব্লিউএইচওর মহাপরিচালক জানান, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধু। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সম্পর্ক চলমান থাকবে। সূত্র বার্তা সংস্থা রয়টার্স।
তেদরোস আধানম বলেন, তার সংস্থা এখন পর্যন্ত অংশীজনদের সঙ্গে সম্পর্কের কোনো খুঁত আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করছে, সম্পর্কের গলদগুলো সঠিকভাবে পূরণের চেষ্টা করে যাচ্ছে। তবে এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। এখন সময় বিশ্ববাসীকে এক হয়ে করোনা মহামারির বিরুদ্ধে সংগ্রাম করা।
তিনি এ ভাইরাসকে ভয়ংকর শক্র বলে অভিহিত করেন। এর আগে বুধবারই বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধ করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। জাতিসংঘের এ সংস্থাটিকে অর্থ দেয়া বন্ধ করে দেবেন বলে তিনি আগেও হুমকি দিয়েছিলেন।
গত বছরের ডিসেম্বরে চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের অন্যতম প্রাদুর্ভাব কেন্দ্র এখন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্ত ব্যক্তি ও মৃত্যুর হার সবাইকে টপকে গেছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন। করোনার মুখে দেশটির অবস্থা অনেকটা হযবরল।
বার্তাবাজার/এমকে