চেয়ারম্যানের বাড়ি থেকে গরীব জেলেদের ১৮৪ বস্তা চাল উদ্ধার

এবার জেলেদের ১৮৪ বস্তা চাল চুরি করলেন ইনিয়ন পরিষদ চেয়ারম্যান। সেই চাল উদ্ধার করা হলো তার বাড়ি থেকেই। ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় চেয়ারম্যান নুরে আলমের বাড়িতে র‌্যাব-৮ সদস্যরা অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করেন। এই চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

র‍্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা জানান, দরিদ্র জেলেদের জন্য বরাদ্দকৃত চালের ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে সন্ধায় আমরা অভিযান চালাই কেদারপুর ইউনিয়নে। সেখানে গিয়ে দেখা যায় জনপ্রতি ১০ কেজি করে চাল কম দেয়া হচ্ছে। ওজন কম দেয়ায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড মেম্বার রোকনুজ্জামানকে।

এই দুই মেম্বারের তথ্য মতেই জানা যায়, ৪০ কেজি থেকে আগেই ৫ কেজি করে রেখে দিয়েছেন চেয়ারম্যান নুরে আলম। তাই তারাও ৫ কেজি করে রেখে ৩০ কেজি করে বিতিরণ করছেন। এরই প্রেক্ষিতে চেয়ারম্যান নূরে আলমের বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ১৮৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত চেয়ারম্যান নূরে আলমকে আটক করা সম্ভব হয়নি। হতদরিদ্র জেলেদের চাল নিজ বাড়িতে মজুদ রাখায় তার বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর