নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে এক কলেজ ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বিয়ের আসর থেকে বর পালিয়ে যায়। জনসমাগম করার অপরাধে অর্থদণ্ড দেয়া হয় কনের মা’কে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে মহতাপুর গ্রামের মৌলভী সাহেবের বাড়ীতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও আসাদুজ্জামান রনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহতাপুর গ্রামের বাসিন্দা ও নোয়াখালী মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্রী (১৫) এর বাড়ীতে তার বিয়ের আয়োজন করা হয়। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বাড়ীর পিছন দিয়ে বিয়ের আসর থেকে বর ও মেয়ের বাবা পালিয়ে যায়। বিয়ে বাড়ীতে যত্রতত্র খাবার ও চেয়ার টেবিল পড়ে থাকতে দেখা যায়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বিয়ের আসর থেকে মেয়ের বাবা ও বর পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ওই ছাত্রীর বয়স ১৮ হওয়ার আগ পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে তার মায়ের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। একইসাথে বিয়ের আয়োজন করে লোকজনের সমাগম করার অপরাধে মেয়ের মকে অর্থদণ্ড করা হয়েছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস