করোনা যুক্তরাষ্ট্রে একদিনেই কেড়ে নিল ২৫০০ মানুষের প্রাণ

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বেসামাল হয়ে পড়েছে ক্ষমতাধর যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও প্রায় আড়াই হাজার মানুষ। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৫০০ জনেরও বেশি।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬ লাখ ১৩ হাজার ১৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ হাজার ১০৭ জন।

করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। এ অঙ্গরাজ্যে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ৭৮৬ জন। এ নিয়ে নিউইয়র্কে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৮৪২ জনে। আর আক্রান্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। এরপর নিউজার্সিতে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৩৪ জন, মারা গেছেন ২ হাজার ৮০৫ জন।

এদিন আক্রান্তের সংখ্যায় মিশিগানকে টপকে তৃতীয়স্থানে উঠে এসেছে ম্যাসাচুসেটস। যুক্তরাষ্ট্রে এ অঙ্গরাজ্যটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজারের বেশি, মারা গেছেন ৮৪৪ জন। মিশিগানে ২৫ হাজার আক্রান্ত ও ১ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর