নওগাঁয় আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে চুরি হওয়া ১৭০ বস্তা ত্রাণের চাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(১৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের মল্লিকপুর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বস্তা ও তার ভগ্নিপতি ওএমএস ডিলার আবু সাঈদের বাড়ি থেকে ৫০ বস্তাসহ চাল উদ্ধার করেছে পুলিশ।
তিনদিন আগে ডিলার আবু সাঈদ চাল গুলো কালোবাজারে বিক্রির জন্য পাইকার খুঁজছিলেন।
এ দিকে এলাকাবাসী ডিলার সাঈদ ও তার শ্যালক রউফের বাড়িতে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ দেখে পুলিশকে গোপনে খবর দেয়। পুলিশ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ নেতার মল্লিকপুরের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বস্তা ও ডিলার আবু সাঈদের বাড়ি থেকে ৫০ বস্তাসহ মোট ১৭০ বস্তা ত্রাণের চাল জব্দ করে। এ সব চালের বস্তায় প্রধানমন্ত্রীর করোনা কর্মসূচির সরকারি ত্রাণের চাল লেখা রয়েছে।
তবে চাল উদ্ধার করলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ বলছে, অভিযানের সময় আওয়ামী লীগ নেতা রউফ ও ডিলার সাঈদ পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, আব্দুর রউফকে প্রধান আসামি ও ডিলার আবু সাঈদসহ অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে মামলা করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি