ত্রাণের চাল চুরির অপরাধে নড়াইলের নড়াগাতিতে দুই ইউপি সদস্যকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-জয়নগর ইউনিয়নের সংরক্ষিত মেম্বার রনি বেগম (৩৪) ও ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ মোশাররফ হোসেন (৫২) এবং নড়াগাতি বাজারের ব্যবসায়ী সুভাষ সাহা (৩৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংকটময় মুহূর্তে ইউপি মেম্বার মোশাররফ ও রনি বেগম ভিজিডির ত্রাণের সাত বস্তা চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে ব্যবসায়ী সুভাষ সাহার দোকানে রেখে বিক্রি করে টাকা আত্মসাত করছিল। এ খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ডাদেশ ও জরিমানা করেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা বলেন, ত্রাণের চাল নিয়ে কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস