সৌদির কারাগারে থাকা ২৩৪ বাংলাদেশিকে নিয়ে আসছে বিশেষ ফ্লাইট

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই সৌদি আরব থেকে ঢাকায় আসছে একটি বিশেষ ফ্লাইট। সৌদি কারাগারে থাকা ২৩৪ জন বাংলাদেশি ও করোনার কারণে আটকে পড়া ১৩২ জনসসহ মোট ৩৬৬ জন বাংলাদেশিকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের এই ফ্লাইটটি আসছে।

আজ (১৫ এপ্রিল) রাত সোয়া ৯ টায় শাহজালাল বিমানবন্দরে এই ফ্লাইটের অবতরণ করার কথা রয়েছে।

জানা গেছে, দেশে ফেরার অপেক্ষায় থাকা ওই ২৩৪ প্রবাসী বাংলাদেশি সৌদি আরবের কারাগারে ডিটেনশনে ছিলেন। এছাড়া বাকিরা ওমরা হজ্ব করতে গিয়ে আটকা পড়েছিলেন। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ এপ্রিল আটকে পড়া ওমরাহ যাত্রী এবং ডিটেনশনে থাকা বাংলাদেশিদের নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশটিতে লকডাউন ও কারফিউ জারি থাকায় সেটা সম্ভব হয়নি।

রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির স্থানীয় প্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে এসব আটকে পড়া যাত্রীদের দেশে পাঠানো হচ্ছে। সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এবং মক্কা বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সহযোগিতায় এসব যাত্রীরা দেশে ফিরতে পারছেন বলেও জানান তিনি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর