শহরকে পদ্মার ভাঙনের মুখে ফেলে বাঁধের মাটি অবৈধভাবে যাচ্ছে ইটভাটায়। এই অপরাধে ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার এলাকায়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে রাজবাড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
মো. আরিফুর রহমান জানান, দুপুরে খবর পাওয়া যায় গোদারবাজার এলাকায় শহর রক্ষা বেঁড়িবাধকে হুমকির মুখে ফেলে পদ্মা নদীর তীর থেকে ভেকু দিয়ে মাটি কেটে ভাটায় নিচ্ছেন এনজিএল ইটভাটার মালিক গোলাম মোস্তফা। গিয়ে ঘটনার সত্যতা পাই। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করি। একইসাথে তাদের প্রতি কঠোর নির্দেশ দিয়ে গর্ত করা জায়গা পুনরায় ভরাট করতে বলেছি।
বার্তাবাজার/এসজে