কেরাণীগঞ্জে আরো ৩ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২৭

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে আরো তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৬০ এর মধ্যে। তারা আগানগর, জিনজিরা ও শুভাঢ্যা ইউনিয়নের বাসিন্দা।

আজ ১৫ এপ্রিল (বুধবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে শনাক্ত হওয়া করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে একজন হাসপাতালে ভর্তি আছেন এবং বাকি দুইজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মোবারক হোসেন আরও জানান, কেরাণীগঞ্জের জিনজিরা, শুভাঢ্যা, আগানগর, কালিন্দী ও শাক্তা ঘনবসতিপূর্ণ ইউনিয়ন হওয়ায় সেখানে করোনায় সংক্রমিত লোকের সংখ্যাও বেশী। তিনি আরও জানান, কেরাণীগঞ্জের মানুষ সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে বলেন এবং সবাইকে সামাজিক দূরত্বমেনে বাসায় থাকার পরামর্শ দেন তিনি। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানান এই কর্মকর্তা।

এ নিয়ে কেরাণীগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ২ জনে।

এ ঘটনায় উপজেলা প্রশাসন প্রায় সাতটি এলাকা পুরোপুরি লকডাউন করে রেখেছে। একইসঙ্গে বুড়িগঙ্গা ২য় সেতু সম্পূর্ন লকডাউন ঘোষণা করে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর