চট্টগ্রামে আজই শেষ হচ্ছে করোনা শনাক্তের কিট

গত ২৬ মার্চ চট্টগ্রামের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) যায় করোনা শনাক্তকরণ কিট। ওইদিন থেকেই শুরু হয় শনাক্তকরণের কাজ। ২৬শে মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত এই ১৮ দিনে ৯০৮ নমুনা পরীক্ষায় মোট ৩০ জনকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়। কিন্তু চট্টগ্রামে আজই শেষ হচ্ছে করোনাভাইরাস পরীক্ষার টেস্ট কিট।

এই মুহূর্তে মাত্র কয়েকটি কিট দিয়েই শেষবারের মতো চলছে নমুনা পরীক্ষা।

বিআইটিআইডি থেকে জানা যায়, করোনাভাইরাস পরীক্ষার জন্য চট্টগ্রামে বিআইটিআইডিতে করোনা শনাক্তে কিট এসেছে মোট চার ক্যাটাগরির। এর মধ্যে অনুমোদনহীন সাড়ে ৫০০ টেস্টিং কিট বাতিল করেছে স্বাস্থ্য বিভাগ।

বিআইটিআইডির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ বলেন, ‘আমাদের হাতে থাকা কিট আজ শেষ হচ্ছে। এখন আমার হাতে যে কয়টা খুচরো কিট আছে তা দিয়েই কাজ চালাচ্ছি। আর হয়তো ১০০ বা ১৬০টির মতো পরীক্ষা সম্ভব। এরপর আর কাজ করা সম্ভব হবে না।’

এ বিষয়ে জানতে চাইলে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, ‘চিন্তার কিছু নেই, পরীক্ষা হবে। যথাসময়ে করোনার কিট বিআইটিআইডিতে পৌঁছাবে, পথে আছে।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর