পটুয়াখালীর বাউফলে ৪২ মেট্রিক টন (১ হাজার ৪০০ বস্তা) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় চাল ব্যবসায়ী শাহাজাহান হাওলাদার (৩২) ও ট্রলার মালিক মো. জয়নাল চৌকিদারকে (৩৫) আটক করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বগা বন্দরের চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদারের একটি গোডাউনে তোলার সময় পুলিশ ট্রলারসহ বিপুল পরিমাণের ওই চাল জব্দ করে।
ওই সময় খাদ্য অধিদপ্তরের সিলকৃত এক হাজার ৪০০ বস্তা চাল বগা বন্দর সংলগ্ন উত্তর পাশের খালে নোঙ্গর করা একটি ট্রলার থেকে লেবাররা শাহজাহান হাওলাদারের গোডাউনে নিয়ে যাচ্ছিল। আটক শাহজাহান হাওলাদার বগা বন্দরের বিশিষ্ট চাল ব্যবসায়ী মোতাহার হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বগা বন্দরে অভিযান চালায় এবং বন্দরের উত্তর পাশের গলিতে শাহজাহান হাওলাদার নামের এক চাল ব্যবসায়ীর গোডাউনে ট্রলার থেকে লেবাররা চাল নেয়ায় সময় এক হাজার ৪০০ বস্তা (৪২ টন) চাল জব্দ করা হয়।
ওইসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল রয়েছে। এ সময় চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার ও ট্রলার মালিক জয়নাল চৌকিদারকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদের জন্য চাল উত্তোলনের কাজে নিয়োজিত আরও ১০ জন লেবারকেও থানায় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বিল্লাল হোসেন বলেন, বগার এক চাল ব্যবসায়ীর গোডাউনে তোলার সময় সরকারি এক হাজার ৪০০ বস্তা (৪২ মেট্রিক টন) চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে