বাগেরহাটে প্রথম একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তিনি একটি মসজিদে ইমামতি করতেন। শুকনো কাশিসহ করোনার উপসর্গ থাকায় তাকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরীক্ষায় তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তবে ওই রির্পোট হাতে না পাওয়ায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির অফিসিয়ালি এ তথ্য নিশ্চিত করেননি।
বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. মানুনুর রশীদ জানান, সোশ্যাল মিডিয়ার বিষয়টি এসেছে। এ প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করে দিয়েছে। ওই রোগীর সঙ্গে কথা হয়েছে। তিনি মোটামুটি ভালো আছেন। তবে এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে ওই রোগীর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে কিছু জানানো হয়নি। পরবর্তীতে হয়ত এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে চিতলমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, করোনা আক্রান্ত ৩৫ বছর বয়সী ওই ইমামকে প্রথমে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। রিপোর্টে তার শরীরে করোনা পজিটিভ আসায় মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য কর্মকর্তা ও থানার ওসি ওই বাড়িতে গিয়ে শুধুমাত্র ওই বাড়িটি লকডাউন করে দেন।
বার্তাবাজার/এমকে