চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাত করার অভিযোগ য়াসায়, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের বাড়ি ঘেরাও করেছে ত্রান বঞ্চিত এলাকাবাসী। এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে।
নাম প্রকাশ না করার শর্তে এক ত্রাণ বঞ্চিত ব্যাক্তি জানায়, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ ভাঙ্গিয়ে এলাকায় যা ইচ্ছে তাই করছে এই ত্রাণ চোর চেয়ারম্যান সাইফুল ইসলাম। ফলে বিক্ষুব্ধ এলাকাবাসী চেয়ারম্যানের বিরুদ্ধে লকডাউন ভেঙ্গে বিক্ষোভ করে তার বাড়ি ঘেরাও করে। পরে পুলিশ এসে বিক্ষোভ কারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়াও এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায়, তারা অনেকেই ত্রাণের স্লিপ পেয়েছেন, কিন্তু ত্রাণ পাননি।
জনতার এমন প্রতিবাদের জবাবে ইউপি চেয়ারম্যান সাইফুলের লোকজন ক্ষুব্ধ হয়ে লাঠিসোটা নিয়ে বের হয়ে পাথালিয়াপাড়া গ্রামের আওয়ামীলীগ নেতা ও কৃষকলীগ নেতাসহ ৩ বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় মহিলাসহ ২ জন আহত। আহতরা হলেন মো: সজিব হোসেন(৩৫) ও মাকসুদা খাতুন (২০)।
এ বিষয়ে চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, এই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান কায়েম উদ্দিন তার দলীয় লোকজন নিয়ে আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, শুনেছি ত্রাণের দাবিতে কিছু উশৃঙ্খল লোক বিক্ষোভের চেষ্টা করে। আমাদের যাওয়ার কথা শুনে তারা পালিয়েছে। হামলা ও বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেনি।
বার্তাবাজার/এসজে