কুমিল্লায় জ্বর-সর্দি শ্বাসকষ্টে কলেজছাত্রের মৃত্যু

কুমিল্লায় প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুলাল ভূইয়া নামে এক কলেজছাত্র মারা গেছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় জ্বর-সর্দির সঙ্গে তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুলাল ভূইয়া উপজেলার বড়শালঘর গ্রামের কালু মিয়া ভূঁইয়ার ছেলে। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মেদ কবির বলেন, ওই কলেজছাত্র লেখাপড়ার পাশাপাশি দেবিদ্বার নিউমার্কেট মাজেদ ম্যানশনে তার মামার ‘ভাই ভাই পোলট্রি ফিডস’ দোকানে ব্যবসায় সহযোগিতা করতেন। তিনি দীর্ঘদিন এজমা রোগে ভুগছিলেন। কিছু দিন ধরে তার জ্বর-সর্দি ছিল বলে পরিবারের লোকজন জানান। সন্ধ্যার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

ডা. আহম্মেদ কবির আরও বলেন, পরিবারের দাবি অনুসারে করোনার নানা লক্ষণ থাকার কারণে ওই কলেজছাত্রের নমুনা সংগ্রহ করা হয়েছে।

দেবিদ্বার থানা পুলিশের অফিচার ইনচার্জ (ওসি) জহিরুল আনোয়ার বলেন, রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও থানা পুলিশের উপস্থিতিতে ওই কলেজছাত্রকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর