নিজেকে ত্রাণ চুরি করেনি দাবি করে চুরির অপবাদ থেকে মুক্তির জন্য সংবাদ সন্মেলন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বহিষ্কৃত সদস্য মো. কবির হোসেন। একইসাথে ত্রাণ আত্মসাতের যে অভিযোগ তার নামে করা হয়েছে তার সুষ্ঠূ তদন্ত দাবী করেন তিনি।
সোনারগাঁও প্রেসক্লাবে মঙ্গলবার (১৪ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সন্মেলনে তিনি এই দাবী করেন।
লিখিত এক বক্তব্যে তিনি বলেন, ত্রাণ আত্মসাতের অভিযোগে আমাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সরকার থেকে চার দফায় আমার কাছে ৫৪ জনের ত্রাণসামগ্রী এসেছে। এগুলো দেয়ার পরও আমার ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দিয়েছি। ত্রাণ দেয়া ব্যক্তিদের তালিকা আমার কাছে রয়েছে। এতে রয়েছে তাদের মোবাইল নম্বর। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানাই আমি। আমি ত্রাণ চুরি করিনি; সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাকে এই কলঙ্ক থেকে মুক্তি দেয়া হোক। আমি এই কলঙ্ক থেকে মুক্তি চাই।
উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেন বহিষ্কার করা হয়। বহিষ্কারাদেশে বলা হয়, ‘করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় সরকার প্রদত্ত ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ করায় আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
বার্তাবাজার/এসজে