চাঁদপুর থেকে ঠান্ডা-জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নাটোরে রানা; বাড়িতে লাল পতাকা
চাঁদপুরের কচুয়া থেকে ঠান্ডা-জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ৪দিন পূর্বে নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়িতে আসা রানা (২৭) নামের এক যুবকের বাড়ি চিহ্নিত করে সতর্কতামূলকভাবে লাল পতাকা লাগিয়েছে প্রশাসন। ওই বাড়ির সকলকে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্শ দেয়া হয়েছে। রানা উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামের লালচাঁদ অালীর ছেলে। ঐ বাড়িটি চিহ্নিত করার পাশাপাশি সবাইকে সতর্কভাবে চলাচলের নির্দেশনা দিয়েছে উপজেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার অানোয়ার পারভেজ এর নির্দেশে ওই বাড়িতে গিয়ে লাল পতাকা দিয়ে চিহ্নিত করে বাড়ির বাসিন্দাদের ১৪ দিনের সার্বক্ষণিক হোম কোয়ারান্টেইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অানোয়ার পারভেজ জানান, উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল এলাকার রানা নামের এক যুবক চাঁদপুর থেকে গত ৪দিন হলো বাড়িতে এসে ঠান্ডা-জ্বর শ্বাসকষ্ট ও কাঁশিতে ভুগছেন এমন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ওই বাড়িতে গিয়ে উপসর্গগুলো দেখে তার বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত এবং বাড়ির আশপাশের বাড়ির লোকজনকে সতর্কে থাকার জন্য বলা হয়েছে।
জনগণকে আতংকিত না হয়ে জারিকৃত সরকারি নির্দেশনা মেনে নিজ নিজ ঘরে থাকার অনুরোধ করে ইউএনও বলেন, বাড়িতে যিনি অন্য জেলা থেকে এসেছেন তাকে অবশ্যই একটি নির্দিষ্ট কক্ষে থাকতে হবে। তিনি কোনোভাবেই সেখান থেকে বেরোতে পারবে না। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তা তদারকি করবে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই আদেশ পরবর্তীতে যারা সংক্রমিত জেলা থেকে উপজেলায় আসবেন, তাদের জন্যও প্রযোজ্য হবে। এটি ওয়ার্ড কমিটি মনিটরিং করবেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করবেন।
ইউএনও আরো বলেন, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ প্রতিরোধ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি নিয়ে আইসিডিআরএর সাথে যোগাযোগ করা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এস.আর