চট্টগ্রামের সীতাকুণ্ডে কুড়িয়ে পাওয়া এক প্রকার ক্ষুদ্র মার্বেল আকৃতির গাছের ফল ভিজিয়ে পানি পান করলে করোনামুক্ত হওয়া যাবে বলে হঠাৎ গুজব ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়।
ফলে মঙ্গলবার(১৪ এপ্রিল) দুপুর থেকে এ ফলটি খুঁজতে রাস্তায় নেমে পড়েন অনেকে। তাদের মধ্যে বেশিরভাগই নিজ নিজ বাড়ির সামনের রাস্তা বা উঠোনে এটি কুড়িয়ে পেয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্য কর্মকর্তা বললেন, এসব গুজব ছাড়া কিছুই না। এই ফলের পানি খেয়ে উল্টো অসুস্থও হয়ে যেতে পারেন কেউ।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর থেকে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে এক ধরনের গাছের ফল (বিচি) পাওয়া যাচ্ছে যা খেলেই করোনামুক্ত হওয়া যাবে! এই খবরের পর বাড়বকুণ্ড বড়ুয়াপাড়া, সৈয়দপুর, বারৈয়াঢালা, পৌর সদর থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এ গুজব ডালপালা ছড়াতে থাকে এবং অনেকেই বাড়ির সামনে ও আশপাশে খুঁজে ওই ফলটি বের করেন।
বাড়বকুণ্ড বড়ুয়াপাড়ার বাসিন্দা স্থানীয় সাংবাদিক নির্দেশ বড়ুয়া জানান, দুপুর ১টার দিকে তার গ্রামের কিছু নারী এই ফলটি সংগ্রহ করতে থাকেন। এটি নাকি বাড়ির আশপাশেই কুড়িয়ে পেয়েছেন তারা। এই ফল খেলে করোনামুক্ত হওয়া যাবে- এটিই তাদের বিশ্বাস। এসব শুনে সাংবাদিক নির্দেশ বড়ুয়া তাদেরকে এসব গুজব বলে মন্তব্য করলে তারা উল্টো তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
সৈয়দপুর ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের বাসিন্দা এস এম ইকবাল হোসেন বলেন, আমার এলাকার রণি নামক এক যুবক এ ফলটি নিয়ে আসে। পরে শুনতে পাই সবাই এ ফলটি কুড়িয়ে সংগ্রহ করছেন। অনেকটা অশ্বথ গাছের ফলের মতো এই ফলটি কুড়ানোর হিড়িক লেগে যায় রীতিমত। এটি ডুবিয়ে পানি খেলেই নাকি করোনামুক্ত হওয়া যাবে!
বার্তাবাজার/কে.জে.পি