আশুলিয়ায় বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারাদেশ কার্যত লকডাউন অবস্থায় রয়েছে। ফলে দৈনিক রোজগারের উপর নির্ভরশীল নিম্নবিত্ত পরিবারগুলোর অসহায় অবস্থায় তাদের সরকারী ত্রাণ বিতরণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধি ব্যক্তিগতভাবে নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি বিতরণ করছেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে ঢাকার সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু এবং তার ভাই রাজু দেওয়ান তাদের বাসভবনে ব্যক্তিগত ভাবে ১৫০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণকৃত এসব খাদ্য সামগ্রীর ভিতরে ছিলো- ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ১ লিটার তেল।

ছবি- বার্তা বাজার।

এব্যাপারে দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু বলেন, করোনা ভাইরাসের জন্য ইতোমধ্যে সাভার উপজেলা লকডাউন করা হয়েছে। আর অনেকদিন ধরেই সকল অফিস-আদালত, গণপরিবহন সহ সবকিছুই বন্ধ রয়েছে। ফলে খেটে খাওয়া অসহায় ও নিম্নবিত্ত পরিবারের কোনো আয়-রোজগার নাই। তাই সামাজিক দায়িত্বশীলতা থেকেই আমার এলাকার ১৫’শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। এই এলাকার মানুষের পাশে সবসময়েই আমাদের পরিবার ছিলো এবং সামনেও থাকবে ইনশা আল্লাহ।

এদিকে, আশুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী মাস্টার তার ওয়ার্ডে অসহায় ও দুঃস্থ পরিবারের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরণের সবজি ও তরকারি বিতরণ করেন।

ছবি- বার্তা বাজার।

সরেজমিন দেখা যায়, রাস্তার পাশে কয়েকটি ভ্যানে বিভিন্ন ধরণের সবজি সাজানো রয়েছে। একটা ব্যানার টাঙ্গানো যেখানে লেখা রয়েছে ‘দরিদ্রদের সবজি বাজার (বিনা মূল্যে)’। এই ভাসমান সবজি বাজার থেকে এলাকার অসহায় ও কর্মহীন মানুষদেরকে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে ইচ্ছেমতো সবজি নিয়ে যেতে দেখা গেছে।

এব্যাপারে ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হোসেন আলী মাস্টার বলেন, ইতোপূর্বে আমার ওয়ার্ডের অসহায় মানুষদেরকে সরকারী ত্রাণের চাল (জি আর) প্রদান করা হয়েছে। আজ আমার ব্যক্তিগত অর্থায়নে এদের জন্য বিভিন্ন সবজি বিতরণ করেছি। যাতে করে এসব পরিবারের অন্তত কয়েকদিন ধরে তরকারির চাহিদা মিটবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী এদের জন্য কিছু করার চেষ্টা করেছি। এধরণের সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করবো।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর