সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের অনুমতি নেই

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৮ এপ্রিলের জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকর্মীদের সংসদ টেলিভিশন থেকে অধিবেশন কাভার করার অনুরোধ করা হয়েছে। এছাড়াও কোনো ভিজিটরকেও এবারের সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

মঙ্গলবার (১৪ এপ্রিল) জাতীয় সংসদের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সংসদ বিটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সব সাংবাদিককে জানানো যাচ্ছে যে, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন আহ্বান করা হয়েছে। করোনার জন্য সবার নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এ অধিবেশনটি অত্যন্ত সংক্ষিপ্ত করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

এ প্রেক্ষাপটে সব সাংবাদিককে সরাসরি সংসদে না এসে নিজ নিজ অবস্থানে থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত সংসদ অধিবেশন কাভার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার্থে অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগে ২২ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে সেই অধিবেশন স্থগিত করা হয়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এ অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে। হতে পারে এক বা দুই দিনের অধিবেশন। এরপর যেহেতু জুন মাসে বাজেট অধিবেশন রয়েছে, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এবারের অধিবেশন হবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর