গোপালগঞ্জ জেলা লকডাউন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় গোপালগঞ্জ জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা আজ মঙ্গলবার বিকালে এই ঘোষণা দেন। এই ঘোষণার ফলে গোপালগঞ্জ জেলা থেকে কেউ প্রবেশ বা কেউ বের হতে পারবেন না।

এই পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ১০জন করোনা রোগী শনাক্ত হয়। এরপরই জেলাকে লকডাউন করার ঘোষণা দেওয়া হলো। জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতিমধ্যে গোপালগঞ্জ জেলায় ১০ রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা, নারায়ণগঞ্জে করোনা রোগের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

এ কারণে ঢাকা, নারায়ণগঞ্জ থেকে বিপুলসংখ্যক মানুষের গোপালগঞ্জ জেলায় আগমনের প্রবণতা দেখা দিয়েছে। এই পরিপ্রেক্ষিতে সিভিল সার্জনের সুপারিশক্রমে এবং জেলার আইনশৃঙ্খলাসংক্রান্ত সব সংস্থার মতামতের ভিত্তিতে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ করার জন্য সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ অনুযায়ী গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এ জেলার সঙ্গে অন্য জেলার প্রবেশ ও বের হওয়ার সব ধরনের রাস্তাঘাট বা অন্য কোনো পথে জেলার কেউ বাইরে যেতে পারবেন না কিংবা অন্য জেলার কেউ প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এ ক্ষেত্রে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, কৃষিকাজে নিয়োজিত সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে।

জেলা প্রশাসন থেকে জানায়, আজ রাত ১০টা থেকে গোপালগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলায় ৪ পুলিশ সদস্যসহ ১০জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এই জেলাকে অভ্যন্তরীণ লকডাউনে রাখা হবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর